কবিতা

শিরদাঁড়া

পবিত্র আচার্য

শিরদাঁড়া আদতে জাদুদণ্ড নয়,

শিরদাঁড়া হলো সত্য, কঠিন ও দৃঢ়তা

এটি বাঁকা হলে, মাথা বিক্রি করতে হয়

এটি দুর্বল হলে আপস করতে হয়

এটি দুর্নীতি পরায়ণ হলে,

                       বেঁচে থেকে মরে যায় মানুষ

শিরদাঁড়া বেচে দিয়ে কেউ কেউ হাঁটার পরিবর্তে

                                                            হামাগুড়ি দেয়

শিরদাঁড়া হারিয়ে গেলে,

                             মানুষ একদলা মাংসপিণ্ডে পরিণত হয়।

সেটিং

গণতন্ত্রের পুজোয় আত্মাহুতি দিচ্ছে ক্যাডার

রাস্তায় নামছে লাল, গেরুয়া, সবুজ ও নানা রঙ

পাঁচবছর দেবতাকে চেয়ার দেওয়ার লড়াই

লাল মরছে, সবুজ মরছে, গেরুয়া মরছে …

চেয়ারে বসছে আরাধ্য দেবতাগণ

ওপরে ওপরে খুব কামড়া কামড়ি এই দেবতাদের

অথচ তলায় তলায়,

অন্ধকারে মোমবাতির আলোয় একসাথে মিলে

                                                         পার্টি করছে ওরা

তাঁদের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব এর দেওয়াল নেই

হাতে কাঁচের গ্লাস, লাল, সবুজ ও গেরুয়া রং এর সোমরস

একসাথে তাঁরা বলে উঠছে  চিয়ার্স।

পরিবর্তন

সিংহাসনে যিনি বসবেন তিনি কিছুতেই ছাড়তে চাইবেন না গদি

ওখানে বসে অন্যায় করা যায়

ওখানে বসে মানুষের উপর , ক্ষমতার আস্ফালন দেখানো যায়

ওখানে বসে পেটে লাথি মারা যায়

ওখানে বসে সহজে মানুষে মানুষে বিভাজন করা যায়

ওখানে বসে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যায়

ওখানে বসে মানুষের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায়

 মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের কণ্ঠস্বর রোধ করা যায়

ওখানে বসে দুর্নীতিকে বৈধ বলা যায় সহজে  

ওখানে বসে ভয় দেখানো যায় অনায়াসে

স্বস্তির ব্যাপার হোল, সাহস সংক্রামক হলে

                              একসময় মানুষের ঝড় নামে

মানুষ দৌড়ে এসে হাত ধরে, মানুষ হেঁটে এসে হাত ধরে

মানুষ সামনে এসে দাঁড়ায়,

টেনে নিচে নামিয়ে আনে সিংহাসন এর দখলদারদের।

2 thoughts on “কবিতা

  1. অসাধারণ দীপ্ত ও পরিচ্ছন্ন সোজাসাপটা শব্দচয়নে কবিতা। বরাবরের মতো ভালো লাগলো। ধ্বনিত হোক প্রাণে প্রাণে একান্তই অন্তরের কথাগুলো। গণসচেতনতা বাড়িয়ে দিক অপরাধীর ভয়াবহ হৃদস্পন্দন, কেঁপে উঠুক দুঃসাহসী অত্যাচারির পৈশাচিক নির্বাক অহংকারী দম্ভের গভীর ভিত।।
    শুভেচ্ছা নিরন্তর…

Leave a Reply to pabitra.sapchamp Cancel reply

Your email address will not be published. Required fields are marked *