কবিতা

ভালোবাসা

—-চিত্তব্রত সাহা

ভালোবাসতে যদি চাও তাহলে শুধু ভালোবাসো,

প্রত্যাশার মধ্যে ভালোবাসা খুঁজো না,

প্রত্যাশায় ভালোবাসার ক্ষয় হয়,

ক্ষয় হতে হতে ভালোবাসার সমাধি হয়।

স্বাধীনতাতে ভালোবাসা আছে,

যেমন আছে মুক্ত বাতাসে দীর্ঘ প্রশ্বাসে।

সংগীতে ভালোবাসা আছে,

যেমন আছে মায়ের কোলের উষ্ণতায়।

প্রতীক্ষায় ভালোবাসা আছে ,

যেমন আছে ভোরের রক্ত লাল সূর্যে।

প্রেরণাতে ভালোবাসা আছে,

যেমন আছে অনুজের সাফল্যে।

ভালোবাসা আছে অভিমানে,

ভালোবাসা আছে সুপক্ক রসাল ফলে,

ভালোবাসা আছে শিশুর দুষ্টুমিতে,

ভালোবাসা আছে গর্বিত বাবার স্মিত হাসা মুখে,

ভালোবাসা আছে আছে কৃষকের গোলা ভরা ধানে,

ভালোবাসা আছে পুকুর ভরা মাছে,

ভালোবাসা আছে ভরা শ্রাবণে,

ভালোবাসা আছে শরতের কাশফুলে,

ভালোবাসা আছে কুয়াশার চাদরে।

ভালোবাসা নেই বাঁধাতে,

ভালোবাসা নেই শুষ্ক নিয়মে,

ভালোবাসা নেই পদমর্যদার সম্মানে,

ভালোবাসা নেই ধর্মের বেহেস্তে যাওয়ার স্বপ্নে,

ভালোবাসা নেই সৈরাচারীর নেতৃত্বে,

ভালোবাসা নেই দাসত্বে।