ঝরা পাতাদের শব্দ
শুভজিৎ বোস
মৃদুগল্পে যখন এগিয়ে যেতে থাকে রাত
সামনে পেছনে ধূসর হয়ে যায় শাল বন
পাতারা ঝরে যায় ঋণী হয়ে বন-সংসারে
পলাশ বিথিকা জড়িয়ে ধরে ঐ প্রাণমন।
স্বপ্ন গুছিয়ে যখন পাতারা ক্লান্ত নিবিড়
সবুজ ঘাসে ধূসরতার রঙিন পথ ছায়া
ঝরে পরলেও পাতাদের শেষযাত্রা এটা নয়
গাছের বাকলে রেখে যায়-বসন্ত ধূসর মায়া।
পাখিরা আজ-চুপ খসা পাতার খেলাঘরে
সেগুনের সাড়িতে বসন্ত লেখে সর্বনাশ !
আকাশের চোখে নীরব ফাগুনের কাজল
পতন তখন শাল সেগুনের জীবন্ত নিঃশ্বাস।
পাতাদের কাছে শুয়ে আছে রঙিন রবিবার
হাওয়াতে আতর ঢালে আবিরের সাত রঙ
ফাগুন বনে ইতিহাস হয় যখন চারিদিক,
পাতাদের শোকেই নতুন জন্ম গাছেদের বরং।
