কবিতা

পোক্ত 

 তন্ময় ভট্টাচার্য

(১)
এসব ফালতু কথা তোমাকে ভাঁড়ারঘরে
ঠেলে দিচ্ছে। ছুঁয়ে-ছুঁয়ে দেখছ, কতটা হলে
আজকে রাতের মতো চলে যাবে। কাল থেকে
আবার নতুন কথা, দরদাম, কিনে আনা
বয়ামে সাজিয়ে ফের দুবেলা খরচ করা

শিখে তো গেছই! শুধু হঠাৎ পিছলে গেলে
মেঝে থেকে কতটুকু কাঁচিয়ে তুলতে পারো
ধোয়ার পরেও তুমি ব্যবহার করো, নাকি
আবার নতুন করে দরদাম, কিনে আনা—

টানাপোড়েনের দিনে আমি কি দরজা, এঁটে যাই?

(২)
আমিই আমার গায়ে ঠেস দিয়ে দাঁড়ালাম
আমিই আমার ছিদ্রে চোখ রেখে দেখলাম
পৃথিবী দুলছে, তুমি প্রাণপণে সবদিক
থামিয়ে রাখার চেষ্টা করেছিলে, একবার
আমার বোকামো থেকে উঠেছিল শয়তান
একবার তুমি নিজে খুলেছ ভাঁড়ারঘর
ফুরিয়ে যাওয়ার পরও এত যে প্রচেষ্টা
তোমার তো পা-দুটোই হাওয়াতে লুটোচ্ছে

(৩)
ঘন হয়ে এসেছ, বিপদ

এত সহ্য করা যায়! ছুটির দিনের মতো
হাট হয়ে দেখা যায় জুতো, ছাতা জমেছে প্রচুর

বাইরে যে-জন আছ
এখানে ভাবতে পার ঠাঁই

টোকা মেরে দেখে নাও খাঁচার জীবন

ফারাক বলতে শুধু
নখ থেকে তোমাকে বাঁচাই