কবিতা

প্রিয় বাবাকে

সুপর্ণা মিত্র

আজকে তোমার জন্মদিনে কি আর দিতে পারি,
অনেকখানি ভালোবাসা দিলাম উজাড় করি।
অনেক দূরে থেকেও আছি একই আকাশ তলে,

একই সূর্য আলো দিয়ে যায় নতুন ভোর হলে।
সেই রবি কেই বলবো আমি, আমার রানার হতে,
আমার প্রণাম পৌঁছে দেবে রবি-কিরণ পথে
সকাল বেলার নরম আলোয়, মেঘ পিয়ন হয়ে,

জড়িয়ে তোমায় ধরবে যেন আমার ছোঁয়া দিয়ে
বলবে দূরে থেকেও আছি এক্কেবারে কাছে
তোমার বুকের মাঝেই যে মোর প্রাণ ভোমরা আছে।

জন্মদিন ভরে উঠুক নতুন স্বপ্ন মালায়,
রাগ অভিমান দুঃখ গুলো ভাসুক সুখের ভেলায়
তোমার আদর ভালোবাসার রাজকন্যা আমি,
আমার বাবার মুখের হাসি, বড্ড বেশি দামী।

আমার জীবন যুদ্ধ গুলোয় আমার পাশে থেকে,
ভরসা যুগিয়ে এসেছো তুমি ছোট্ট বেলা থেকে
বটবৃক্ষের ছায়ায় যেমন পথিক শ্রান্তি ভোলে,
তোমার ছায়ায় আমরা তেমন আছি হেসে খেলে

 সুস্থ থেকো ভালো থেকো আমার আকাশ জুড়ে
প্রকৃতি ওই রামধনু রঙ ঢালুক উজাড় করে ।।