কবিতা

শিরোনাম – অঞ্জলি

শম্পা ঘোষ

আনন্দে উদ্বেল হৃদয় , পূজা আয়োজনে  ধরাধাম ।

আকাশে বাতাসে আলোর কণা ,বাজে আগমনী গান

গগনে ছেয়েছে মেঘের ভেলা পৃথ্বী সুজলা সুফলা 

মনভরা মায়া মুখখানি দেখতে মর্ত্যবাসী উতলা ।

মাথা দুলিয়ে কাশেরা হাসছে বিস্তৃত নদীর দুপাড়ে

টলমল দিঘি সদ্যোস্নাত শালুক পদ্মে আছে ভরে ।

শিউলি ফুলের মন আকুল করা রূপ ও সুবাস

বছরের কয়েকটা দিনই তো মাত্র হর্ষের উচ্ছ্বাস ।

আশ্বিনের এই শারদপ্রাতে জাগরিত মাতৃশক্তি 

শক্তিদায়িনী জননী রূপে তোমাতেই অচলা ভক্তি ।

চন্ডী রূপে পূজিতা তুমি , তুমি ই ত্রিনয়নী 

অকাল বোধনে তুমিই তো মাগো অসুরদলনী ।

জগৎ শ্রেষ্ঠ তুমি মাগো , তুমিই তো ভুবনেশ্বরী 

জ্যোতির্ময়ী রূপে তাই তোমার ই বন্দনা করি ।

তুমিই চিন্ময়ী সাজে মৃন্ময়ী তে অধিষ্ঠাত্রী

অস্ত্র সাজে সজ্জিতা তুমিই নিধন যজ্ঞের কর্ত্রী ।

প্রতিটি ঘরে যেন ঘটে তোমারই শুভ পদার্পণ 

ধরে চরণ করে শরণ করি সকলে অঞ্জলি অর্পণ ।।